
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট কোনো ঘাটতি চিহ্নিত করেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোর প্রশংসা করেছে সংস্থাটি। তবে সংস্থাটি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরো জোরদারের পরামর্শ দিয়েছে।
গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী আইএইএ’র জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা পরিচালিত হয়।
শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জাহেদুল হাসান আইএইএ’র মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পর্যালোচনায় কেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনা বা অন-সাইট প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘাটতি পাওয়া যায়নি। তবে জাতীয় ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
আইএইএ’র মূল্যায়নে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দু’টি ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা।
বিশেষজ্ঞ দল কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র ও অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছে।
ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং দায়িত্ব বণ্টন, সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা আরো কার্যকর করাই এর উদ্দেশ্য।
আইএইএ’র পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, সংস্থাটির নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদানব্যবস্থা জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএ’র এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন জানান, আইএইএ’র সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, কমিশনিং ও বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএ’র এই পর্যালোচনা রূপপুরের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনার সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত জরুরি সাড়াদান ব্যবস্থা আরো সুসংহত করার দিকনির্দেশনা দিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









