রক্তাক্ত, কুলাউড়া, সীমান্ত,
রক্তাক্ত কুলাউড়া সীমান্ত। নয়া দিগন্ত
ads

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নে চোরাকারবারিদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়েছে। চোরাচালান সিন্ডিকেটের অর্থের প্রলোভনে পড়ে অবৈধভাবে চোরাই মালামাল আনতে গিয়ে সীমান্তে একের পর এক প্রাণ হারাচ্ছেন তরুণ ও যুবকরা। 

গত তিন বছরে কুলাউড়া সীমান্তে ভারতীয় চোরাই পণ্য পরিবহন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। 

আরো পড়ুন : ‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’ 

এছাড়া লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা ভাইকে দেখতে গিয়ে কাঁটাতারের কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন স্বর্ণা দাস (১৬) নামের এক কিশোরী। 

অন্যদিকে, চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বে শরীফপুর ইউনিয়নে স্থানীয় সিন্ডিকেট চক্রের হাতে নির্মমভাবে খুন হয়েছেন জাবেল মিয়া (২৬) নামের এক যুবক।

চোরাচালানের ঝুঁকিতে ৩০ গ্রাম ও আইনি দুর্বলতা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম সীমান্তের একেবারে নিকটবর্তী হওয়ায় এসব এলাকায় চোরাচালানের ঝুঁকি তুলনামূলক বেশি। 

ভারতীয় ও বাংলাদেশী চোরাকারবারিদের পারস্পরিক যোগসাজশে মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তের দুর্গম ও পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন বনাঞ্চল এবং বিস্তৃত সীমান্ত এলাকার সুযোগ কাজে লাগিয়ে চোরাকারবারিরা নানা কৌশলে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সীমিত জনবল ও প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এসব অভিযানে নিয়মিত চোরাই মালামাল জব্দ এবং জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে। তবে প্রচলিত আইনের বিভিন্ন সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়ার সুযোগ কাজে লাগিয়ে আটককৃত অনেক চোরাকারবারি অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। 

ফলে চোরাচালান চক্রের মূল হোতারা অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যাচ্ছে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে। এতে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঝুঁকি ক্রমেই বাড়ছে।

বিএসএফের গুলিতে নিহতদের ধারাবাহিক চিত্র

অনুসন্ধানে জানা গেছে, গত তিন বছরে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো :

ফেরদৌস আহমদ (১৪) : ২০২৩ সালের ২ অক্টোবর বিকেলে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন লালারচক এলাকার মরহুম মাহমুদ আলীর ছেলে ফেরদৌস। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারভেজ হোসেন সাদ্দাম (১৫) : ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম।

স্বর্ণা রাণী দাস (১৬) : ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাতে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফের গুলিতে নিহত হন অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা। তিনি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র চন্দ্র দাসের মেয়ে।

প্রদীপ বৈদ্য (২২) : ২০২৫ সালের ৩১ মে রাত ১১টার দিকে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যর ছেলে প্রদীপ।

সুকিরাম উড়াং (২৫) : ২০২৫ সালের ৪ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারান মুরইছড়া চা-বাগান বস্তির দাসনু উরাংয়ের ছেলে সুকিরাম।

মুজিবুর রহমান মুজিব (৩০) : ২০২৬ সালের ১২ জুন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন দত্তগ্রামের বাসিন্দা মরহুম অজিবুর রহমানের ছেলে মুজিব।

তারা মিয়া (১৯) : গত ৮ আগস্ট শনিবার দিবাগত রাতে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে তারা মিয়া।

চোরাচালানের দ্বন্দ্বে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড

বিএসএফের গুলির পাশাপাশি চোরাচালানের অভ্যন্তরীণ দ্বন্দ্বেও প্রাণহানির ঘটনা ঘটছে। ২০২৫ সালের ১ মার্চ সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে চোরাকারবারিদের পূর্ববিরোধের জেরে জাবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। 

এর আগে গত বছরের ২৭ ফেব্রুয়ারি চোরাচালান নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বাসিন্দা জাবের মিয়া, আসাইদ মিয়া ও পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের চিহ্নিত চোরাকারবারি সুমন মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন সংঘবদ্ধ লোক দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জাবেলকে গুরুতর জখম করে। 

এ ঘটনায় নিহত জাবেলের বাবা রহমত আলী বাদী হয়ে ২ মার্চ দুপুরে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

চোরাকারবারিদের কৌশল ও চিহ্নিত সিন্ডিকেট

বিজিবি, পুলিশ, গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে চিহ্নিত চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গরু, ইয়াবা, গাঁজা, নাসির বিড়ি ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন ভারতীয় পণ্য দেশে নিয়ে আসছে। তারা কৌশলে বিএসএফের দায়িত্ব পালাবদলের সময়ে কাঁটাতারের ওপর কাঠ বসিয়ে উভয় পাশে মই লাগিয়ে এবং গোপন পথ ব্যবহার করে এসব মালামাল পাচার করে।

সীমান্ত এলাকায় মানবপাচার, চোরাচালান ও মাদক কারবারিতে জড়িতদের মধ্যে রয়েছেন কুলাউড়ার বিভিন্ন এলাকার চিহ্নিত চোরাকারবারি— সুমন মিয়া, হারুন মিয়া, আক্তার মিয়া, আনকার আহমদ, আলাল মিয়া, ফরিদ মিয়া, আতা মিয়া, ওয়াছকুরুনী, আলাল মিয়া, জামাল আহমদ, আলা উদ্দিন, সাইদুর রহমান ময়না, হাছিব আলী, হামজা মিয়া, সুন্দর আলী, জায়েদ আলী, সাদ্দাম হোসেন, আনোয়ার আলী, আছকির, আহাদ আলী, শামিম মিয়া, ফজলু মিয়া, আব্দুল আলী, কয়ছর মিয়া, শাহিন মিয়া, ছিদ্দেক আলী, মসলিন আলী, জমসেদ আলী, ইদন আলী, দুদু মিয়া, হবিব, সিরাজ মিয়া, আব্দুল মালিক, রেনু মিয়া, সুমন মিয়া, রইস আলী, সাইফুর রহমান, জুবেল মিয়া, ফয়জুর, কোকিল চাষা, বাবুল গোয়ালা, সিতারাম ছত্রী, জাহেদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল গফফার, আব্দুর মজিব, শাহ আলম, জুবেল, আহমদ আলী, রুবেল আহমদ, মোহন উরাং, রাজু নাইডু, সেলিম মিয়া, বদরুল ইসলাম, এলিম মিয়া, রিংকু দে, শাহাব উদ্দিন, সামছুল ইসলাম হাদী, সাইফুল বক্স, খায়রুল মিয়া, কুতুব আলী, বিমল বাউরী, আব্দুল মালিক মনাই, হামিদুর রহমান লেবু, আসাদুজ্জামান, আনিছুর রহমান, আব্দুর রউফ, মখলিছ মিয়া, রুবেল মিয়া, তপন দেব, শুকুর মিয়া, রুমেল মিয়া, জমসেদ আলী, নজরুল ইসলাম এবং রুবেল মিয়া।

বিজিবি ও পুলিশের বক্তব্য

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যমকে বলেন, ‘সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবাসীর জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম প্রধান অগ্রাধিকার। অর্থের প্রলোভনে কিছু তরুণ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে জীবনের ঝুঁকি নিচ্ছেন। এ ধরনের প্রাণহানি রোধে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ বা নির্যাতনের ঘটনা ঘটলে বিজিবি পতাকা বৈঠকসহ দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানায়। তবে সীমান্ত অপরাধ প্রতিরোধে চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনা এবং প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। 

সীমান্তবাসীকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা প্রতিরোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সীমান্তে চোরাচালান সিন্ডিকেট বহু দিন থেকে চলে আসছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক-চোরাচালানে জড়িতদের আটক করে জেলহাজতে পাঠিয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যার ঘটনার পর সীমান্ত এলাকায় পুলিশী নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অপরাধ কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থেকে এগিয়ে আসতে হবে।’