মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
রংপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম। নয়া দিগন্ত
ads

বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মধ্য দিয়ে নতুন সংবিধান করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নতুন নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের নামফলক উন্মোচন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম উল্লেখ করে অন্তবর্তীকালীন সরকারের সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা সঠিক ছিল দাবি করে  প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম, হত্যা, গুলি চালিয়ে কোনো কিছু আমরা নির্মূল করতে চাই না। এ কারণে যা কিছু হয়েছে আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করেছি। বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইতোপূর্বে, নতুন করে তাদের ওই নিজেদের জেলা যেটা মনে করে সেই জেলা থেকে একই ঘটনা ঘটিয়ে নতুন করে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তারা এটা প্রমাণিত হয়েছে। এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে—এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, আজকে যৌক্তিক আছে, আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’ 

মীর শাহে আলম বলেন, ‘গত জাতীয় সংসদের শেষ সেশনে, শেষ দিনে  আপনারা লক্ষ্য করেছেন—পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা বাংলাদেশের দু-এক জায়গায় দু-একটি পেট্রোল বোমা মেরে, দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাংলাদেশে অরাজকতা তৈরি করে এ দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে একটা কিছু করবে—তাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না।’

এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে না হলেও বিএনপির সমর্থিত প্রার্থীর বিপক্ষে কেউ অবস্থান নিলে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন—ইতোমধ্যে আমরা আইন সংশোধন করেছি। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। সেখানে ধানের শীষ বা এ ধরনের জাতীয় প্রতীক থাকবে না এবং দলীয়ভাবে সরাসরি দল থেকে মনোনয়ন দেয়ার কোনো সুযোগ নেই। এবং কেউ বলতেও পারবে না ব্যানারে, পোস্টারে যে আমি অমুক দলের প্রার্থী বা তমুক দলের প্রার্থী। এখানে সরাসরি ব্যক্তি হিসেবে নির্বাচন করবে। তবে বিএনপির নির্দেশনা হচ্ছে এরকম—উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা রেজুলেশন করে সমর্থন দিবে যে আমাদের প্রার্থী কারা। সেই সমর্থনের ক্ষেত্রে যদি কেউ মানে বা না মানে, সেক্ষেত্রে যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয়, উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে জানালে সেটি সাংগঠনিক ব্যবস্থা হবে।’

এসময় তার সাথে ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সংরক্ষিত নারী এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ। 

এর আগে তিনি রংপুর স্টেডিয়ামের নাম আনুষ্ঠানিকভাবে শহীদ আবু সাঈদের নামের নাম ফলক ও উন্মোচন করেন। চব্বিশের জুলাই বিপ্লবের পর জনতা ‘শেখ রাসেল’ সাইনবোর্ড ভেঙে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ লাগিয়ে দেয়। এখন থেকে সেটি নথিভুক্ত হলো সরকারিভাবে।