জ্বালানি সঙ্কট, বায়োগ্যাস পল্লী, মানবসম্পদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বাসস
ads

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, দেশের জ্বালানি সঙ্কট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা দিয়েছে সরকার।

তিনি বলেন, দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং চলমান বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আমিনুল হক এ কথা বলেন।

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো: মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান।

আমিনুল হক বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। 

এছাড়াও সারাদেশের যুব সমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে তিনি জানান। 

কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পর পর এ ধরনের মতবিনিময় সভা আয়োজন এবং সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

বৈশ্বিক জ্বালানি সঙ্কট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি জানান, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। যার মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। 

তিনি আরো জানান, এই উদ্যোগকে সফল করতে যুবকদের মধ্যে ঋণ বিতরণ প্রক্রিয়া আরো সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বৃদ্ধি করা হবে।

সভায় আরো অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরো সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র : বাসস