কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন। নয়া দিগন্ত
ads

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সঙ্কট ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখযোগ্য।’

তিনি আরো বলেন, ‘জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা, পেশাদারত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।’

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে মেজর জেনারেল বলেন, ‘আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরো যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।