
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘বিজয়’।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌবার্থে যুদ্ধজাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। যুদ্ধজাহাজটি একনজর দেখতে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।
দর্শনার্থীরা যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাহাজের অস্ত্র ও সরঞ্জাম, পরিচালন ব্যবস্থা, নৌসদস্যদের দায়িত্ব ও দেশের সমুদ্রসীমা সুরক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পান তারা। অনেকের কাছে যুদ্ধজাহাজটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল ও উৎসাহ।
যুদ্ধজাহাজ পরিদর্শনে আসা দর্শনার্থীরা জানান, বই ও টেলিভিশনে যুদ্ধজাহাজ দেখলেও সরাসরি এতো কাছ থেকে দেখার সুযোগ আগে হয়নি। জাহাজের ভেতরের বিভিন্ন কার্যক্রম, নৌসদস্যদের দায়িত্ব ও দেশের জলসীমা নিরাপদ রাখতে তাদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে তারা আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সশস্ত্র বাহিনী সম্পর্কে আগ্রহ এবং দেশের নিরাপত্তায় নৌবাহিনীর অবদান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তারা।
বানৌজা ‘বিজয়’-এর অধিনায়ক কমান্ডার ফয়সল আহমেদ বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজটি উন্মুক্ত রাখার মূল উদ্দেশ্য হলো নৌবাহিনীর কার্যক্রম, সক্ষমতা ও দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌসদস্যদের দায়িত্ব সম্পর্কে জনগণকে ধারণা দেয়া। বিশেষ করে নতুন প্রজন্ম যেন নৌবাহিনী সম্পর্কে জানতে পারে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন।’
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর মসজিদগুলোতে বাদ ফজর শহীদদের রূহের মাগফিরাত, দেশের সুখ-সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মোংলায় যুদ্ধজাহাজ ‘বিজয়’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার মধ্য দিয়ে নৌবাহিনীর সাথে সাধারণ মানুষের সরাসরি পরিচিতি ও সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









