পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিএনপি
সিলেটের ওসমানীনগরে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নয়া দিগন্ত
ads

বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীকে প্রতিহাত করা হবে। 

তিনি শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিল শেষে পথসভায় এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘আমি ওসমানীনগর, বিশ্বনাথ, সিলেটের। আমাদের এ অঞ্চলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। আজ থেকে আমরা অঙ্গিকারাবদ্ধ হই, আওয়ামী সন্ত্রাসীদেরকে যেখানে যেখানে পাব, তাদেরকে পুলিশের হাতে তুলে দেব। আওয়ামী সন্ত্রাসীদের জায়গা ওসমানীনগর, বিশ্বনাথ, সিলেটসহ সারা বাংলাদেশে নেই। আজ থেকে প্রশাসনের সাথে মিলে আইনশৃঙ্খলা রক্ষা করব।’

তিনি আরো বলেন, “যারা বিদেশে থেকে আওয়ামী সন্ত্রাসীদের ইন্ধন দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী সন্ত্রাসীরা আজ দেশ থেকে বিতাড়িত, পালিয়ে গেছে আর তাদের সন্ত্রাসীরা ‘জয় বাংলা’ বলে আগুন দিয়ে দৌড়ে পালায়। তাদের থেকে বিড়াল ভালো, বিড়ালও একটু দাঁড়ায়। আমরা ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিহত করবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা জাতিসঙ্ঘের সভাপতি পদে বিজয়ী হয়েছি। বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আমরা দেশে আনবো ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা ছাত্রদলে সাবেক সদস্য মিজানুর রহমান জনি প্রমুখ।