এসএমই মেলা, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্যমন্ত্রী
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নয়া দিগন্ত
ads

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ করে দিতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। ২২ থেকে ২৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। শতভাগ দেশীয় পণ্যের এ আয়োজনে অংশ নেবেন সারাদেশের প্রায় সাড়ে ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের সিএমএসএমই খাতের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীকাল রোববার (২২ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে দেয়া হবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যাশন ডিজাইন খাতের ৯৮টি, পাদুকা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি, হস্ত ও কারুশিল্পের ৩৫টি এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩০টি প্রতিষ্ঠান। এ ছাড়া জুয়েলারি, হালকা প্রকৌশল, হারবাল ও প্রসাধনী, তথ্যপ্রযুক্তি, প্লাস্টিক ও রাবারসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’। এর আওতায় সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় যুক্ত থাকবে। শিল্প মন্ত্রণালয়ের সাতটি দফতর ও সংস্থাও তাদের কার্যক্রম তুলে ধরবে।

মেলায় বিদেশী বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে না। কেবল দেশীয় উৎপাদনকারী কিংবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।