অ্যাডভোকেট, মোহাম্মদ, শিশির মনির,
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নয়া দিগন্ত
ads

আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন : কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন

বন্দি প্রত্যর্পণ আইন ও আইনি প্রক্রিয়া

প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। সুতরাং শেখ হাসিনার দেশে ফিরে আসতে হলে বন্দি প্রত্যর্পণ আইনের মাধ্যমে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তিনবার এ বিষয়ে জানতে চেয়েছে। চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে আগে ওই দেশে গ্রেফতার করতে হবে। গ্রেফতারের পর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। ওই ম্যাজিস্ট্রেটকে বলা হয় এক্সট্রাডাইটিং ম্যাজিস্ট্রেট। 

আরো পড়ুন : রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

তিনি ম্যাজিস্ট্রেট হলেও তার ক্ষমতা হাইকোর্টের সমান। তিনি বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক পেলে প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ পয়েন্ট অব কনভেনিয়েন্স নির্ধারণ করে হস্তান্তর সম্পন্ন হবে।’

ভারতে অবস্থান ও ‘হিউম্যানিটারিয়ান রিফিউজ’ স্ট্যাটাস প্রসঙ্গ

শেখ হাসিনার ভারতে অবস্থানের আইনি স্ট্যাটাস প্রসঙ্গে শিশির মনির বলেন, ‘লোকসভার রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস হলো হিউম্যানিটারিয়ান রিফিউজ, অর্থাৎ মানবিক আশ্রয়। যিনি অস্তিত্বের সঙ্কটে ভুগছেন, এমন মানুষের ক্ষেত্রে এই আশ্রয় দেয়া হয়। এই স্ট্যাটাস ব্যক্তিগতভাবে সরানো যায় না। ভারত সরকারকে আগে স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। এটা এক দেশের সরকার আরেক দেশের সরকারের কাছে প্রত্যর্পণ করে।’

আরো পড়ুন : হলিউড কিংবদন্তিদের কাতারে শাহরুখ, পেছনে ফেললেন যাদের

দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ঐক্য

দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্থিতিশীলতা আসলে রাজনৈতিক আন্দোলন। বোমা ফাটানোর আন্দোলন দিয়ে বড় অর্জন হয় না। ৫ আগস্টে হাজার হাজার নারী-পুরুষ, ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিল। সেটাই ছিল শক্তিশালী গণআন্দোলন। বর্তমানে যা চলছে, তা খণ্ডিত ও নাশকতামূলক। বড় অর্জনের জন্য লাখ লাখ মানুষের রাস্তায় নামা প্রয়োজন।’

জামায়াত ও বিএনপির ঐক্য এবং রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকতে হবে। গালাগালি, বাজে শব্দ ব্যবহার ও অপমান বন্ধ করতে হবে। বিরোধী দল হোক বা সরকারি দল হোক, কেউ এমন করলে তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটে গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের চেতনার বাইরে গেলে রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হবে, এ বিষয়ে সবাই একমত।’

শহীদ ওসমান হাদী হত্যা মামলার অগ্রগতি

শহীদ ওসমান হাদী হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে শিশির মনির বলেন, ‘একটি চার্জশিট দেয়া হলেও বাদীপক্ষ তা গ্রহণ না করে নারাজি দিয়েছে। ফলে মামলাটি আবার অধিকতর তদন্তে গেছে। এখন মূল প্রশ্ন হলো, মোটরসাইকেল থেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেই অস্ত্রের যোগান কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। শুধু কে মেরেছে, তা বের করলেই হবে না, এটি কোনো পরিকল্পনা বা ডিজাইনের অংশ কি না, তা বের করতে হবে।’

তদন্তের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘তদন্তকারী কর্মকর্তারা দক্ষ, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। হস্তক্ষেপ করলে তদন্ত দুর্বল হয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। সরকার বিচার চায়। নারাজি পিটিশন আদালত গ্রহণ করায় এখন অধিকতর তদন্তের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে।’

মতবিনিময় সভায় দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহ্বায়ক শোয়েব হাসান ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।