
কৃষিজাত পণ্যের উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনা বিপুল। দেশীয় কাঁচামাল, বৈচিত্র্যময় কৃষি উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা, সবই রয়েছে। অথচ কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রফতানি আয়ে বাংলাদেশ এখনো অনেক প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে। স্থলবন্দর জটিলতা, পরিবহন ব্যয়, আন্তর্জাতিক মান বজায় রাখার ঘাটতি এবং কার্যকর বাণিজ্য কূটনীতির অভাবে সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অর্থনীতিবিদ ও এই খাতের বিশেষজ্ঞরা মনে করছেন।
তাদের মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণের সুযোগ থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। দেশের তৈরি পোশাকের ওপর নির্ভরশীল বাংলাদেশের রফতানি আয়ে বৈচিত্র্য আনতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প হতে পারে গুরুত্বপূর্ণ বিকল্প। এসব সমস্যা কাটিয়ে উঠতে বাণিজ্য কূটনীতি জোরদার করার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রফতানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব বিষয় উঠে এসেছে। শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ প্রাণ গ্রুপের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল তথ্যভিত্তিক বক্তব্য দেন।
ইপিবির মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রফতানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের কর্মশালা সহায়ক হবে।
তিনি বলেন, রফতানি বাস্কেটটাকে আরো বৈচিত্রায়নে আমরা চিন্তিত। আমাদের গবেষণা বাড়ানো দরকার, পর্যাপ্ত পরিমাণে যা হচ্ছে না। এটা করা হলে বিশ্ববাজারের গতিপ্রকৃতি ও বাজার চাহিদা জানা যাবে।
মূল প্রবন্ধে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। দেশভিত্তিক বাণিজ্যিক সমস্যা চিহ্নিত করে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে রফতানি সম্প্রসারণের সুযোগ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশের রফতানি এখনো তৈরি পোশাক খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। রফতানি বহুমুখীকরণের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও বাস্তব ফল অর্জনে আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন। কোন খাতে কিভাবে বৈচিত্র্য আনা সম্ভব, তা চিহ্নিত করে বাস্তবায়নের দিকে বেশি মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের উচিত তৈরি পোশাক খাত থেকে এখন অন্যান্য সম্বাবনাময় খাতের বিষয়ে বেশি ফোকাস করা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









