কপ৩১, জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন
তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সংগৃহীত
ads

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বনেতাদের প্রতিশ্রুতির অভাব নেই। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায় নিতে অনীহা স্পষ্ট হয়ে উঠেছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐকমত্য না হওয়ায় নির্ধারিত সময় পেরিয়েও শেষ হচ্ছে না সম্মেলন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত দরকষাকষির পর আজ শনিবার চূড়ান্ত সমঝোতার অপেক্ষায় রয়েছেন প্রতিনিধিরা। 

নতুন খসড়া সিদ্ধান্ত প্রকাশ, দেশগুলোর পর্যালোচনা এবং সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে আজই সম্মেলনের পরিণতি নির্ধারিত হওয়ার কথা। তবে শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতা আসবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

গতকাল শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্নে মতবিরোধের কারণে আলোচনা গড়ায় অতিরিক্ত দিনে। শুক্রবার রাতে পূর্ণাঙ্গ অধিবেশন স্থগিত করে আলোচনার জন্য আরো সময় দেয়া হয়। 

কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, অগ্রগতি হয়েছে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এখনো বাকি। তার প্রত্যাশা, অংশগ্রহণকারী দেশগুলোর মতামত বিবেচনায় নিয়ে নতুন খসড়া তৈরি করা হবে। 

শনিবার বিকেলের দিকে নতুন খসড়া প্রকাশের পর প্রতিনিধিদের তা পর্যালোচনা এবং জাতিসংঘের আইন বিশেষজ্ঞদের যাচাই শেষে সমাপনী অধিবেশন পুনরায় বসতে পারে। ফলে আজকের দিনটি কপ৩১-এর জন্য কার্যত সমঝোতার শেষ লড়াই।

খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের অঙ্গীকার
সম্মেলনের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে রয়েছে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর প্রশ্ন। কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের যে অঙ্গীকার করা হয়েছিল, কপ৩১-এর সংশোধিত খসড়ায় তার সুস্পষ্ট উল্লেখ না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত ও ন্যায্য উত্তরণের পথনকশা চেয়েছে কয়েকটি দেশ। ফ্রান্স ও পানামাসহ বিভিন্ন দেশ খসড়ায় এ বিষয়ে স্পষ্ট ভাষা রাখার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সংশোধিত খসড়ায় জীবাশ্ম জ্বালানির নামই বাদ পড়ায় পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে।

এ নিয়ে প্রশ্ন উঠেছে, প্যারিস চুক্তির তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনে বিশ্ব কতটা আন্তরিক। বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে নির্গমন দ্রুত কমানো ছাড়া বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ কঠিন। অথচ জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার যুক্তিতে কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে স্পষ্ট সময়সীমা বা বাধ্যবাধকতার পক্ষে নয়। ফলে বিজ্ঞানভিত্তিক জরুরি পদক্ষেপের জায়গায় রাজনৈতিক সমঝোতার সীমাবদ্ধতা বড় হয়ে দেখা দিয়েছে।

অর্থায়নে প্রতিশ্রুতি আছে, নিশ্চয়তা নেই
জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধও কাটেনি। অভিযোজন কার্যক্রমে অর্থের প্রয়োজন দ্রুত বাড়লেও অর্থায়নের পরিমাণ, উৎস ও সময়সীমা নিয়ে স্পষ্ট সিদ্ধান্তের অভাব রয়েছে। সম্মেলনের আগের একটি খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী সংশোধিত খসড়ায় নির্দিষ্ট অঙ্কটি বাদ পড়ায় ক্ষুব্ধ উন্নয়নশীল দেশগুলো।

তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও পুনর্বাসনে পর্যাপ্ত অর্থ দিতে হবে। সেই অর্থ হতে হবে পূর্বানুমানযোগ্য, সহজে ব্যবহারযোগ্য এবং বড় অংশে অনুদানভিত্তিক। ঋণনির্ভর অর্থায়ন হলে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা তৈরি হবে। কিন্তু প্রতিশ্রুত অর্থের কতটা ছাড় হয়েছে, কতটা অনুদান আর কতটা ঋণ, কোন সময়ের মধ্যে অর্থ পাওয়া যাবে—এসব প্রশ্নে কার্যকর জবাবদিহির ব্যবস্থা এখনো দুর্বল।

আজকের আলোচনায় ২১টি অমীমাংসিত বিষয়
সম্মেলনের মধ্যবর্তী পর্যায়ে সভাপতিত্বকারী পক্ষের পর্যালোচনায় ২১টি আলোচ্য বিষয় অমীমাংসিত থাকার কথা উঠে আসে। এর মধ্যে জলবায়ু অর্থায়ন কর্মসূচি, অভিযোজন তহবিল, প্যারিস চুক্তির ২.১(গ) অনুচ্ছেদ, প্রশমন কর্মসূচি, বৈশ্বিক অভিযোজন লক্ষ্য এবং ন্যায্য রূপান্তর উল্লেখযোগ্য। এসব বিষয়ে সমঝোতা না হলে কেবল একটি রাজনৈতিক ঘোষণার মাধ্যমে সম্মেলন শেষ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় ঘাটতি থেকে যাবে।

প্যারিস চুক্তির ২.১(গ) অনুচ্ছেদে অর্থপ্রবাহকে নিম্ন-নিঃসরণ ও জলবায়ু সহনশীল উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর আশঙ্কা, এ বিধানের প্রয়োগের নামে তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত ও উন্নয়ন পরিকল্পনায় নতুন শর্ত আরোপ করা হতে পারে। এ কারণে জলবায়ু অর্থায়নের দায়িত্ব এড়িয়ে গিয়ে বিনিয়োগের প্রবাহকে অর্থায়নের বিকল্প হিসেবে দেখানোর বিরোধিতা করছে তারা।

অন্যদিকে প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক কার্বন বাজার ও সহযোগিতার বিষয়ে কিছু সিদ্ধান্তে অগ্রগতি হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল, জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং স্বল্পোন্নত দেশগুলোর বিষয়েও আলোচনা এগিয়েছে। তবে এসব অগ্রগতি সম্মেলনের বড় রাজনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য যথেষ্ট হয়নি।

বিদ্যুতায়নের লক্ষ্য, নবায়নযোগ্য জ্বালানির নিশ্চয়তা কোথায়
কপ৩১-এর আলোচনায় ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও গুরুত্ব পেয়েছে। তুরস্কের সভাপতিত্বে ঘোষিত এ উদ্যোগে ৭৫টি দেশ এবং ৯৪টি প্রতিষ্ঠান ও সংস্থা সমর্থন জানিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। কিন্তু বিদ্যুতের উৎপাদন যদি জীবাশ্ম জ্বালানিনির্ভর থাকে, তাহলে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, সংরক্ষণব্যবস্থা এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের পরিকল্পনা একসাথে নিশ্চিত করতে হবে।

প্রতিবাদে ক্ষোভ, নাগরিক সমাজের কঠোর সমালোচনা
সম্মেলনের শেষ পর্যায়ে খসড়া সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। প্রায় ১০০টি সংগঠনের স্বাক্ষরিত এক চিঠিতে খসড়ার দুর্বলতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ও নতুন জলবায়ু অর্থায়নের নিশ্চয়তা না থাকলে সম্মেলনের ফলাফল বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় প্রত্যাশা পূরণ করতে পারবে না। বিদ্যুতায়নের লক্ষ্যকে নবায়নযোগ্য জ্বালানির সাথে যুক্ত করা, আদিবাসীদের অধিকার এবং সরকারি অর্থায়নের জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সম্মেলনস্থলে প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। অনুমোদনহীন একটি প্রতিবাদের পর ১৭ জন প্রচারকর্মীর সম্মেলনে প্রবেশাধিকার বাতিলের খবর এসেছে। এসব ঘটনা আলোচনার বাইরে থাকা মানুষের ক্ষোভ ও জলবায়ু পদক্ষেপের ধীরগতির প্রতি অসন্তোষেরই প্রতিফলন।

বাংলাদেশের জন্য সিদ্ধান্তের গুরুত্ব
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য কপ৩১-এর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের প্রভাবে কৃষি, খাদ্য উৎপাদন, পানি ও জনস্বাস্থ্য খাতে ঝুঁকি বাড়ছে। এসব মোকাবিলায় অভিযোজন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। বাংলাদেশের অবস্থান, জলবায়ু অর্থায়ন ঋণনির্ভর না হয়ে অনুদানভিত্তিক ও সহজলভ্য হতে হবে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নেও উন্নত দেশগুলোর অর্থ ও প্রযুক্তি সহায়তা জরুরি।

বিশেষ করে কৃষি ও খাদ্যব্যবস্থার সহনশীলতা বাড়ানো, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলা এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে অর্থায়নের নিশ্চয়তা বাংলাদেশের জন্য বড় বিষয়। কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে এসব দাবির প্রতিফলন কতটা থাকে, তা আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

দুই সপ্তাহের আলোচনা শেষে কপ৩১-এর সামনে এখন মৌলিক প্রশ্ন—বিশ্ব কি কেবল নতুন প্রতিশ্রুতির ভাষা তৈরি করবে, নাকি অর্থ, সময়সীমা ও বাস্তবায়নের দায়ও নির্দিষ্ট করবে? সম্মেলনের সমাপনী অধিবেশনে যে সিদ্ধান্তই আসুক, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও অর্থায়নের প্রশ্নে স্পষ্ট অঙ্গীকার এবং জবাবদিহি নিশ্চিত না হলে জলবায়ু ন্যায়বিচারের দাবি আবারও অপূর্ণ থেকে যাবে। আন্তালিয়ার অতিরিক্ত দিন তাই শুধু সম্মেলন শেষ করার সময় নয়; এটি বিশ্বনেতাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা যাচাইয়েরও দিন।