
বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে পরিবার, সমাজ ও দেশকে অস্থিতিশীল করতে চাইলে আপনারা ছাড় পাবেন না।’
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গুপ্ত হামলা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারবেন না। আপনারা রাষ্ট্রীয় আইনকে মান্য করুন। না হয় আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, ‘আমি আমাদের নেতাকর্মীদের বলব, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন। প্রশাসনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আলম ভুঞার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নুরুল আফসার তৌহিদ, সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নাঈমুল্লা চৌধুরী বরাত, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুদ্দিন দোলন, কমিশনার ইমামুদ্দিন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আলা উদ্দিন মিন্টু, এনামুল হক এনাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলের আগে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সোনাগাজী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন। তিনি সবাইকে সচেতন থেকে নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









