মানবপাচার
প্রতারণার শিকার যুবকেদের একাংশ। নয়া দিগন্ত
ads

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের প্রায় ২৫ জন যুবক মানবপাচারকারি চক্রের কবলে পড়ে টাকাকড়ি হারিয়ে দিশেহারা। কেউ হারিয়েছেন জীবন। কেউ ভিটে মাটি। আবার কেউ সহায় সম্পদ বিক্রি করে দিশেহারা। ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে এলাকার সংঘবদ্ধ আদমকারবারি চক্রের হাতেই ঘটেছে এমন ঘটনা। 

কান্না থামছে না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালারচক গ্রামের নাঈমের (২৭) পরিবারে।  নির্যাতন আর মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে গত ৪ নভেম্বর কম্বোডিয়ায় মৃত্যু হয় তার।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর ও লালারচক গ্রামের প্রভাবশালী কাওছার ও জুনেদ এলাকার যুবকদের কম্বোডিয়ার মাধ্যমে ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় ২৫ জন যুবকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে এক কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। ভ্রমণ ভিসার মাধ্যেমে কম্বোডিয়া পর্যন্ত নিয়ে এদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কম্বোডিয়ায় পাড়ি জমানো যুবকরা ভিসার মেয়াদ শেষে অবৈধ অভিবাসী হয়ে যান। এসময় তারা অনাহারে, অর্ধাহারে ধুকে ধুকে সময় কাটিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেন। কিন্তু নাঈম চলে যায় না ফেরার দেশে। 

সরেজমিনে নাঈমের বাড়ি গিয়ে দেখা যায়, তার মায়ের কান্না থামছে না। নাঈমের বাবা সৌদি আরবে থাকেন। স্বজনরা মিডিয়ার সামনে কথা বলেননি। তবে তারর ছোট ভাই রেদওয়ান বলেন, ‘আমরা তার লাশ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছি।’

কথা হলে সঞ্জরপুর গ্রামের চিনু মিয়ার ছেলে ভুক্তভোগি বিলাল বলেন, ‘ভিটেমাটি সব বিক্রি করে আমি অসহায়। অস্টেলিয়া যাওয়ার স্বপ্নে কম্বোডিয়ায় যাই। প্রাণে বাঁচার জন্য দেশ থেকে জমি বিক্রি করে টাকা নিয়ে শুন্যহাতে ফিরে আসি। এখন পরের বাড়ি থাকি।’

লালারচক গ্রামের আব্দুল করিমের ছেলে মাসুদ করিম বলেন, ‘সৌদি আরব ছিলাম লোভ দেখিয়ে আমাদেরকে দেশে এনে অস্টেলিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের সর্বনাশ করে। আমাদের এলাকার ২০-২৫ জন যুবক ওই প্রতারকের হাতে নিঃস্ব হয়েছে।’

এলাকার আজবর আলী অভিযোগ করে বলেন, ‘আমাদের অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে নেয়া হয় কম্বোডিয়ায়। ভ্রমণ ভিসায় সেখানে পৌঁছানোর পরই খুলতে থাকে প্রতারণার জাল। পাসপোর্ট কেড়ে নিয়ে নির্জন পাহাড়ি এলাকায় আটকে রাখা, শারীরিক নির্যাতন, এমনকি পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের ছবি পাঠিয়ে দেশে টাকা আদায় করা হত। ভিসার মেয়াদ শেষ হলে অনেকেই হয়ে পড়েন অবৈধ।’

লালার চক গ্রামের আব্দুল করিম বলেন, ‘অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতিও রয়ে যায় অধরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর জরিমানা দিয়ে দেশে ফেরেন অনেকে। একে একে  কয়েকজন দেশে ফিরে টাকা ফেরতের জন্য কাওছারকে চাপ দিলে তিনি কাতারে চলে যান।’
  
শরীফপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক দুরুদ বলেন, ‘নাঈমের লাশ দেশে আনার জন্য আইনি প্রক্রিয়া চলছে। আমরা সহযোগিতা করছি। আমার জানামতে প্রতারক চক্র এলাকার অনেক যুবককে কম্বোডিয়ায় পাঠিয়েছে।’

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার বলেন, ‘কম্বোডিয়ায় মৃত নাঈমের লাশ আনার প্রক্রিয়া চলছে। আমাদের কাছে  অভিযোগ আসলে আমরা প্রতারকের বিরোদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’