
নিরাপদ পানির সঙ্কট মানুষের দৈনন্দিন জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে, তার বাস্তব চিত্র ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত মাদারীপুরের কালকিনি পৌরসভায়। পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এক বছর ধরে বন্ধ সুপেয় পানি সরবরাহ।
পৌরসভা ঘিরে থাকা খালটিও দখল আর দূষণে এখন মৃতপ্রায়। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পুকুরের দূষিত পানিতেই রান্না, গোসল, কাপড় ধোঁয়াসহ সারতে হচ্ছে নিত্যদিনের সাংসারিক কাজ। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পানির হাহাকারে থাকা মানুষের এমন কষ্টে দায়সারা জবাব পৌর কর্তৃপক্ষের।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরঝাউতলা গ্রামের বাসিন্দা রুবি বেগম। সাপ্লাইয়ের পানি না পেয়ে পুকুরের পচা ও দূষিত পানিই কলসি ভরে নিয়ে সারছেন দৈনন্দিন জীবনের কাজকর্ম।
একই অবস্থা পাশের গৃহবধু সাহিনা বেগমেরও। প্রতিদিনই অপেক্ষাই থাকেন পৌরসভার সুপেয় পানি আসবে কখন। কিন্তু বাইরের ট্যাপে পানি না পেয়ে খালি বালতি হাতেই ফিরছেন ঘরে।
স্থানীয়দের অভিযোগ, পৌরবাসীর কাছ থেকে নিয়মিত কর ও বিভিন্ন সেবার নামে আদায় করা হচ্ছে অর্থ। কিন্তু নাগরিক সেবায় নিরাপদ পানির নিশ্চয়তা মিলছে না এক বছর ধরে। পাম্প নষ্ট হওয়ায় বন্ধ বিশুদ্ধ পানি সরবরাহ। বিকল্প হিসেবে গোসল, জামা-কাপড় ধোঁয়াসহ রান্নার কাজের একমাত্র ভরসা পুকুরের পচা পানি। বিশুদ্ধ পানির অভাবে দৈনন্দিন জীবনযাপনে তৈরি হয়েছে চরম সঙ্কট। আর দখল ও দূষণে পৌর এলাকার খালটির এখন মরণ দশা। নেই প্রবাহ, মিলছে না কোনো পানিই।
জানা যায়, ২০১৬ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া কালকিনি পৌরসভায় এক লাখ মানুষের জন্য এক হাজার ৪৭০টি সংযোগের মাধ্যমে পানি সরবরাহ শুরু করা হয়। পাম্প বিকল থাকায় পৌরসভার ১, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া, দক্ষিণ রাজদী, ঝাউতলা, উত্তর রাজদীসহ বিভিন্ন এলাকায় আড়াই শ’ পরিবার ভুগছে নিরাপদ পানির অভাবে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দ্রুত দখল হওয়া খাল খনন ও দূষণমুক্ত করার পাশাপাশি পানি সরবরাহ স্বাভাবিক করতে হবে। তা না হলে বিক্ষোভ-মানববন্ধনসহ পৌরসভা ঘেরাও করা হবে।
ভুক্তভোগী রুবি বেগম বলেন, দৈনন্দিন জীবনে পানির বিকল্প কিছুই নেই। অথচ, আমাদের পুকুরের পচা পানিতেই জীবন চালাতে হচ্ছে। আমরা কবে এর থেকে প্রতিকার পাব জানি না।
সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, ‘পাম্প নষ্টের অজুহাতে পানি সরবরাহ করা যাবে না, এটি মেনে নেয়া যায় না। কর্তৃপক্ষের উদাসীনতায় এই অবস্থা তৈরি হয়েছে। শিগগিরই সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া উচিৎ।’
কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ‘এরই মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
কালকিনি পৌরসভার পৌর প্রশাসক কিশোর কুমার দাশ বলেন, ‘অস্থায়ীভাবে অন্য একটি পাম্পের মাধ্যমে কিছু এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। বাকি জায়গাগুলোতে দ্রুতই পানি সরবরাহ করা হবে। সেজন্য পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









