
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিরোধীদলীয় নেতা।
বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াত আমির।
জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা: এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন জামায়াত আমির।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









