বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
দক্ষিণ আফ্রিকা দল। ফাইল ছবি
ads

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। পায়ের পেশির চোট থেকে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে দল থেকে ছেড়ে দেয়ার পর বাঁহাতি এই স্পিনারকে ৫০ ওভারের দলের অধিনায়ক করা হয়েছে। দ্বিতীয় টেস্টে খেলবেন না মহারাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকছেন সাইমন হারমার।

আরো পড়ুন : গোপালগঞ্জে বিজিবি-এসআরবি প্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন আইজিপি

এদিকে, বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকা হয়েছে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

ওয়ানডে সিরিজে টেস্ট দলের নিয়মিত বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান টেস্ট দলের মাত্র তিনজন—অ্যানরিক নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি ওয়ানডে দলে জায়গা পেয়েছেন।

২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলা নরকিয়া দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বশ ও ডি জর্জি চলমান টেস্ট সিরিজে এখনো খেলেননি।

বাভুমার পাশাপাশি মার্করাম, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের মতো সাদা বলের ক্রিকেটের প্রতিষ্ঠিত কয়েকজন খেলোয়াড়কেও বিশ্রাম দেয়া হয়েছে। গ্রীষ্মের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে আরো তিনটি টেস্টকে সামনে রেখে নির্ভরযোগ্য খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নেপাল প্রিমিয়ার লিগে খেলার কারণে ডেভিড মিলারকেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল থেকেই বাদ রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার জন্য বড় স্বস্তির খবর, পেসার লুঙ্গি এনগিডির দলে ফেরা। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই পেসার।

এনগিডির সাথে পেস আক্রমণে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান জানসেন ও নকোবানি মোকোয়েনা।

ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।

২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে কেশিলের একমাত্র অভিজ্ঞতা। তবে টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে করেছেন ২৭৭ রান। তার ইনিংসগুলোর মধ্যে ছিল মাত্র ১৪ বলে করা ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতক।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ ফিরে পাওয়ার সুযোগ করে দিতে নরকিয়াকে দলে রাখার গুরুত্বও তুলে ধরেছেন।

এক বিবৃতিতে কনরাড বলেন, ‘এনগিডিকে ফিরে পেয়ে দারুণ লাগছে। টেস্ট দলের সাথে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিল। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে আমাদের হয়ে সে কতটা কার্যকর ছিল, তা আমরা দেখেছি। আশা করি, আগের জায়গা থেকেই সে আবার শুরু করতে পারবে।’

নিয়মিত অধিনায়ক মার্করামসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য পরীক্ষামূলক দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

চলতি বছরের শুরুতে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়া বিয়র্ন ফোর্টুইন এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন কোয়েনা মাফাকা।

তবে হ্যামস্ট্রিংয়ের চোট আবার ফিরে আসায় পেসার ওটনিয়েল বার্টম্যানকে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি।

কনরাড বলেন, দুই সাদা বলের সিরিজই উদীয়মান খেলোয়াড়দের যাচাই এবং আগামী বছরের বিশ্বকাপের আগে দলের বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগ করে দেবে।

তিনি আরো বলেন, এই দুই সাদা বলের সিরিজ আমাদের বৃহত্তর পরিকল্পনায় থাকা কয়েকজন খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ দেয়ার জন্যই নির্ধারিত হয়েছিল। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের দল গঠনের কথা মাথায় রেখে কয়েকটি ভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগও এটি।

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল : বিয়র্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।