সিরাজগঞ্জে ছাত্রলীগের বিরুদ্ধে শিবির-ছাত্রদলের যৌথ বিক্ষোভ
ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা যৌথভাবে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। নয়া দিগন্ত

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কর্মসূচির বিরুদ্ধে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সিরাজগঞ্জ সরকারি কলেজে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কলেজের আমতলা থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসএস রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। 

এ সময় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের গণবিরোধী কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ কর্মসূচিতে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি রায়হান খন্দকার, কলেজ শাখা ছাত্রদলর আহ্বায়ক এস এম জুয়েল রানা ও সদস্যসচিব রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফসহ উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।