
গণভোটে প্রকাশিত জনরায় উপেক্ষা করা হলে জনগণ আবারো রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট (টেম্পু স্ট্যান্ড) এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কামরাঙ্গীরচর থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় মামুনুল হক বলেন, দেশের উৎপাদন খাত ক্রমাগত সংকুচিত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকলেও পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এভাবে দেশের অর্থনীতি সঙ্কটের দিকে যাচ্ছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার আশঙ্কা, দেশের স্বার্থের পরিবর্তে কেউ কেউ পার্শ্ববর্তী দেশের স্বার্থে কাজ করছেন। এতে তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্র সংস্কার জরুরি ছিল। কিন্তু সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রের সব ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান তিনি।
পুলিশ ও প্রশাসনের দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; এটি জনগণের সেবক ও রাষ্ট্রের প্রতিষ্ঠান। সরকারি নিয়োগে মেধা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠন করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ ইনসাফ ও ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। কিন্তু শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দেশত্যাগের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সাথে যথাযথ কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী দিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সময় কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ সাইদুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি প্রার্থীকে এলাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মুফতি খায়রুজ্জামান হুজাইফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক আহমদ এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সদস্য মোহাম্মদ রাশেদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








