সিলেট
ভারত থেকে এসে সিলেটে গোপন সভা, ফের ওপারে আওয়ামী লীগ নেতা রনজিত!। নয়া দিগন্ত

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, সিলেটের রাতারগুলে আওয়ামী লীগের দলীয় সভায় অংশগ্রহণ, এবং পুনরায় সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়া—সব মিলিয়ে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের চাঞ্চল্যকর কর্মকাণ্ড ঘিরে সিলেট ও সুনামগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের দাবি, গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুলে দলীয় সভা সম্পন্ন করে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ফের ভারতে ফিরে গেছেন তিনি।

Advertisement

এদিকে, শিক্ষাসফরের কথা বলে একটি ইকো রিসোর্ট ভাড়া নিয়ে সেখানে গোপনে আওয়ামী লীগের সভা আয়োজনের তথ্য পেয়েছে পুলিশ। উক্ত সভায় উপস্থিতির ভিডিও সূত্র ধরে ইতোমধ্যে আটক করা হয়েছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে।

শিক্ষাসফরের নামে রিসোর্ট ভাড়া ও গোপন সভা

গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষাসফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে সেখানে আওয়ামী লীগের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে পুনরায় ভারতে ফিরে যাওয়ার দাবি করেছেন রনজিত সরকার নিজেই। তবে তিনি ঠিক কীভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ এবং প্রস্থান করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

এর আগে সভার প্রকৃত স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের পরস্পরবিরোধী বক্তব্য এবং বিজিবির অস্বীকারে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

সভা আয়োজনের কৌশল ও ভিডিও প্রকাশ

গত রোববার (৮ নভেম্বর) সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা করেন রনজিত সরকার। এরপর সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। 

ভিডিওতে দেখা যায়, সভাস্থলে শামিয়ানা টানানো এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ লেখা ব্যানার টাঙানো রয়েছে। এতে আয়োজক হিসেবে চার উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়। একই সাথে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জের পুলিশ সূত্র জানায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই সভাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাটের রাতারগুলে যায় এবং ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষা সফরের ব্যানার লাগানো হয়েছিল। পরে রনজিত সরকার উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। তবে ওই আইনজীবীর পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

পুলিশের বক্তব্যে পরস্পর বিরোধিতা

সভার স্থান নির্ধারণ নিয়ে সোমবার দুই জেলার পুলিশ সুপার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করেন। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেছিলেন, সুনামগঞ্জের সীমান্ত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, সিলেট সীমান্তের কোনো একটি স্থানে সভাটি হয়েছে।

অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক বলেছিলেন, সভাটি সিলেটের সীমান্তে নয়, সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা বলে জানান তিনি।

এদিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছিলেন, তাদের অনুসন্ধানে সুনামগঞ্জ সীমান্তে এ ধরনের কোনো সভার তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আটক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের রিসোর্টে সভার স্থান শনাক্তের কথা জানান সুনামগঞ্জের পুলিশ সুপার।

ভিডিও ফুটেজ দেখে আওয়ামী লীগ নেতা আটক

রনজিত সরকারের প্রকাশিত ভিডিওতে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ করেন। তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতেই পুলিশ রাতারগুলে গিয়ে সভাস্থল শনাক্ত করে।

সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সভার স্থান জানা গেছে। তার কাছ থেকে উপস্থিত অন্যদের সম্পৃক্ততা ও ঘটনার বিভিন্ন তথ্য জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

ভারতে ফেরার দাবি রনজিতের

সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের পর সভার বিষয়ে প্রথমে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। তবে পরবর্তীতে তিনি বলেন, ‘সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কিন্তু তিনি ঠিক কোথায় সভা করেছেন, তা জানতে চাইলে তাৎক্ষণিকভাবে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। এর মাঝখানে কিছুদিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন বলেও জানা গেছে।