
গাজীপুর মহানগরীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মহানগরীর টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম কালা, সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা ও টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম।
বক্তারা বলেন, এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়; বরং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগ। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ ক্যাম্পেইন ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দেয়া হবে।
তারা বলেন, পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের নয়। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, যত্রতত্র প্লাস্টিক-পলিথিন না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আফসানা জামান প্রান্তী, এ আর ইউসুফ সাদী, মো: আজিজুল হক, আফ্রিন সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর টঙ্গী বাজার ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবকরা ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করেন। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, অলিগলি ও ড্রেন দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ পরিস্থিতির পরিবর্তন আনাই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
কর্মসূচি শেষে টঙ্গী বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সেনাকল্যাণ এলাকায় গিয়ে শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








