গ্রেফতার
গ্রেফতারদের একাংশ। নয়া দিগন্ত

কুমিল্লার ১৮টি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত টানা তিন দিন এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় চারজন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় সাতজন, বুড়িচংয়ে তিনজন, ব্রাহ্মণপাড়ায় পাঁচজন, বরুড়ায় ১০ জন, লাকসামে চারজন, মনোহরগঞ্জে দুইজন, নাঙ্গলকোটে চারজন, দাউদকান্দিতে দুইজন, তিতাসে একজন, হোমনায় তিনজন, মেঘনায় দুইজন, দেবিদ্বারে দুইজন, মুরাদনগরে একজন, বাঙ্গরা বাজার থানায় চারজন, লালমাইয়ে চারজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, গ্রেফতারদের পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।