কক্সবাজার, এলএনজি টার্মিনাল
জ্বালানি সঙ্কট নিরসনে মহেশখালীতে আরো তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণে কাজ করছে সরকার। নয়া দিগন্ত

দেশের জ্বালানি সঙ্কট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরো দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দু’বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে। 

Advertisement

রোববার (৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এলাকা পরিদর্শন করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। তার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে যান। 

প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘মাতারবাড়িতে বিভিন্ন  প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরো নানা সুযোগ-সুবিধা দেয়া হবে।’ 

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরো উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।’

মুখ্য সচিব বলেন, ‘বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো তেমন আলো মুখ দেখেনি ।কিন্তু বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজগুলো শেষ করবেন এবং সে লক্ষ্যেই কাজ চলছে।’ 

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।