
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর একটি ইটভাটার চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে ফেলা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ইটভাটাটির কার্যক্রম।
রোববার (৮ নভেম্বর) পরিবেশ অধিদফতর, সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। অপর ইটভাটাটির চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস ও মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটার খুলে নেয়া হয়। অপরদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহায়তা করে।
পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








