
নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শাহজাহান বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। অনেকেই নানা স্বপ্ন দেখছেন। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।’
এমপি মো: শাহজাহান বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা যেভাবে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। একইভাবে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বেও সবাই ঐক্যবদ্ধ রয়েছে। তাই কোনো ষড়যন্ত্র-চক্রান্ত সফল হবে না।
মো: শাহজাহান বলেন, ‘জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতির পতাকা বেগম খালেদা জিয়া ধরে রেখেছিলেন। দীর্ঘদিন, সরকার ও বিরোধী দলে থেকে তিনি আপসহীনভাবে লড়াই করেছেন, দেশ গড়ার সংগ্রাম করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। খালেদা জিয়ার হাতে থাকা ঐক্যের রাজনীতির পতাকা এখন তার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতে।’
তিনি বলেন, ‘জিয়ার সৈনিকেরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে তারেক রহমানের ঐক্যের পতাকা সমুন্নত রাখবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের বিপ্লব ও সংহতির চেতনায় কাজ করতে হবে।’
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
এর আগে, কর্মসূচিতে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। সমাবেশ ও র্যালিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








