
নিজ নির্বাচনী এলাকার ক্ষুদে শিক্ষার্থীদেরকে জাতীয় সংসদ ভবন দেখানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি স্টুডেন্ট ওয়েলফার ক্লাবের উদ্যোগে শনিবার হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি আমার এলাকার ক্ষুদে শিক্ষার্থীদেরকে পর্ব পর্ব করে জাতীয় সংসদ ভবন দেখাতে চাই। লুই কান কত সুনিপুনভাবে এই বিশাল ভবন তৈরি করেছেন এবং এখানে কী কী আছে তা দেখলে ছাত্র-ছাত্রীরা নতুনভাবে কৌতূহলি হবে। তাদের মানসিক উৎকর্ষতা ও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজেকে তৈরি করার জন্য উৎসাহিত হবে। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়ার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি পর্বে ৩০ জন করে শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবে। খুব শিগগিরই এটি শুরু হবে ইনশাআল্লাহ।’
লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ মিলনায়তনে আনিসুর রহমানের সভাপতিত্বে ও আজাদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনূস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আরফাত হোছাইন বিপ্লব, এফডিইবির কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন, হক্ব হজ্ব কাফেলার চেয়ারম্যান মাহমুদুল হক পেয়ারু, প্রচ্ছদ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান ও সাবেক ছাত্রনেতা আসিফুল্লাহ মো: আরমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোছাইন সাঈদী, তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আবু ছিদ্দিক, এনসিপি নেতা জহির উদ্দিন, রিদওয়ান আর রায়হানসহ বিভিন্ন শেণি পেশার ব্যক্তিবর্গ।
এর আগে শাহজাহান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাহীদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষকদের একটি দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








