
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধারের পর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, রাত সাড়ে ৩টার শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও এলাকায় একজন ব্যক্তির লাশ পড়ে রয়েছে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক মো: সোহেল রানা জানান, তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় কোনো গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








