
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি স্থানীয় কদমতলী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় উভয় পক্ষ। এ সময় পুরো কদমতলী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো: রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তীতে সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








