জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি, (ডানে) বক্তব্য রাখছেন এমপি কিরন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি, (ডানে) বক্তব্য রাখছেন এমপি কিরন। নয়া দিগন্ত

দলের আদর্শ মেনে দেশ ও জনকল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন  শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন।

Advertisement

তিনি বলেন, ‘আপনারা শুধু মিছিল-মিটিং ও ধান্দাবাজির জন্য রাজনীতি করবেন না। দলের আদর্শ মেনে দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিজেদের নিবেদিত করুন। উন্নয়ন কাজে আমাকে সহযোগিতা করুন। আমি নড়িয়া-সখিপুরের উন্নয়ন করে আপনাদের একটি ফুলের বাগান উপহার দেবো, ইনশাআল্লাহ।’

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Advertisement

এমপি কিরন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, একজন ভালো মানুষ ও একজন সফল রাষ্ট্রনায়ক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য মনেপ্রাণে ধারণ করে সবাইকে রাজনীতি করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সরকার দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। আগে বোঝার চেষ্টা করুন, দেশের কী করুণ পরিস্থিতিতে আপনাদের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার দেশের হাল ধরেছে। না বুঝে দেশ ও সরকারের বদনাম ছড়াবেন না।’

তিনি আরো বলেন, ‘আমি টাকা উপার্জনের জন্য রাজনীতি করি না। আমার ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা ব্যয় করে দেশ ও জনকল্যাণে কাজ করি। দেশের উন্নয়ন ও জনকল্যাণে আমাকে ভালো কাজে সহযোগিতা করুন। আমি ন্যায়ের পথে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।’

এমপি কিরন বলেন, ‘রাস্তাঘাটসহ নড়িয়া-সখিপুরের কোথায় কী ধরনের উন্নয়ন কাজ প্রয়োজন আমাকে তালিকা দিন। আপনাদের প্রতিনিধি হিসেবে সেই তালিকা অনুযায়ী রাস্তাঘাটসহ প্রতিটি উন্নয়নকাজ শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

আলোচনা সভায় নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামচুল আলম (দাদন), সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন পঞ্চায়েতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নড়িয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।