
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো: জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা: মামুনুর রশিদ, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








