জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।

Advertisement

তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় নতুন করে উজ্জীবিত হওয়ার শক্তি জোগায়। মহান এই দিবসের সঠিক তাৎপর্য ও ইতিহাস আজকের তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ঝন্টু, যুবদলনেতা রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক (কোর্ট মোড়, চৌরাস্তা মোড় ও কবরী রোড) প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদে এসে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।