
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের চিম্বুক পাহাড় জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বান্দরবান চিম্বুক সড়কের ২৭ কিলোমিটার এলাকা জুড়ে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সহস্রাধিক নারী পুরুষ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবানের চিম্বুক সড়কের ১২ মাইল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় তার সাথে পার্বত্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
বান্দরবান চিম্বুক থানচি সড়কের ১২ মাইল এলাকা থেকে শুরু করে ২৭ কিলোমিটার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঝোপ ঝাড় জঙ্গল ও ময়লা আবর্জনাসহ পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








