
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলকুঁড়ি আসরের শিশুকিশোর সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইবির রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে সংগঠনটির তারার মেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো: তৌহিক এলাহি, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শরিফ মো. আল রেজা, ইংরেজি বিভাগের সহযোগী প্রফেসর মোসা. দিলসাদ সুরমা এবং ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালিদ হাসান।
অনুষ্ঠানে পথশিশুদের শিক্ষার অধিকার ও শিশুশ্রমের বিষয়টি তুলে ধরে নাটিকা পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা। এ ছাড়া কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শনী এবং বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, বিতর্ক প্রতিযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মাইন্ড ম্যারাথন সিজন-৩ প্রতিযোগিতায় ২৪টি স্কুলের ২ হাজার ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে মোট ৮৫ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে শাখা পর্যায়ে পাঁচজনকে ‘সেরাদের সেরা’ নির্বাচিত করা হয়। তারা হলেন প্রাথমিক পর্যায়ে হুসাইন মাহমুদ ও মো. আবু সালেহ এবং মাধ্যমিক পর্যায়ে আব্দুল্লাহ আল আলিফ, সাদিকুর রহমান ও তানজিম ইসলাম।
এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৮ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলকুঁড়ি আসরের ইবি তারার মেলা শাখার পরিচালক আহনাফুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সহকারী পরিচালক মুবাশ্বির আলম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








