সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াতকর্মী মেহেদী হাসান কবির
সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াতকর্মী মেহেদী হাসান কবির। নয়া দিগন্ত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবির (৩২) নামে এক জামায়াতে ইসলামীর কর্মী নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের তারাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কবির উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে। তিনি মানিকগঞ্জে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেহেদী হাসান কবীর জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনী অ্যাজেন্ট ছিলেন। তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান কবির ও তার বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ পড়ে দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মেহেদী হাসান কবির ও রায়হান। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান কবিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত রায়হানকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় তাকে হাসাপাতালে নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।