বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ক্ষমতাসীনরা সরকার গঠনের পর লুটেপুটে খেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।’

Advertisement

তিনি বলেন, ‘তারা ভুলে গেছে নিকট অতীতের ফ্যাসিস্ট সরকারের পতনের কথা। দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে বেশিদিন ক্ষমতায় থাকার অবকাশ নেই।’

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার ইমদাদুল উলুম আলিয়া মাদরাসা মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Advertisement

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে ওই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মামুনুল হক বলেন, ‘আপনারা জানেন দেশে দুই ধরনের ব্যালটে ভোট হয়েছিল। একটি হলো সরকার গঠনের, অন্যটি হলো রাষ্ট্র মেরামতের জন্য। সরকার গঠনের নির্বাচনে ক্ষমতাসীনরা পেয়েছে ৫১ শতাংশ ভোট, আর রাষ্ট্র মেরামতের পক্ষে ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার।’

তিনি বলেন, ‘কিন্তু দুঃখের বিষয় সরকার গঠন করে তারা দেশের ৭০ শতাংশ ভোটারের মতামতের তোয়াক্কা না করে লুটেপুটে খেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র মেরামতের পথে হাঁটেন। আমরা ১১ দলীয় জোট আন্দোলন থেকে সরে আসব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আশরাফ আলী এবং প্রধান বক্তা ছিলেন জালালুদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা এমদাদুল্লাহ, আবুল কালাম দুলাল প্রমুখ।