নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
নোবিপ্রবিতে সফল অ্যালামনাই ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় । নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা দিতে আয়োজিত হয়েছে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার। 

Advertisement

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে নোবিপ্রবির বেশ কিছু কৃতি এলামনাস আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অত্যন্ত আশাব্যাঞ্জক বিষয় হলো আমাদের প্রাক্তন কৃতি শিক্ষার্থীবৃন্দ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছেন। অতীতে সীমিত সম্পদ এবং সুযোগ-সুবিধা নিয়ে আমাদের এলামনাসরা যদি এভাবে এগিয়ে যেতে পারেন তবে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আরো বেশি কিছু আশা করতে পারি। এ ধরনের আয়োজন পুরাতনদের সাথে নতুনদের একটি মেলবন্ধন গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন

ভিসি আরো বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নানামুখী উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এখানে শিক্ষা ও গবেষণার উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমরা তা করবো। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছেন। সরকারের সহযাত্রী হিসেবে শিক্ষার মানোন্নয়নে আমাদেরকে ও কাজ করতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৩য় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং অ্যাকাডেমিক কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কৃতি প্রাক্তনী বা অ্যালামনাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অতিথি ও কি-নোট স্পিকারদের বক্তব্য

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

সেমিনারে মূল বক্তা বা কি-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন—

নোবিপ্রবির কৃতি অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ্ বিন ফারিদ,

ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান, এবং মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবি অ্যালামনাই কামরুল হাসান রিমেল।

বাস্তবভিত্তিক দিকনির্দেশনা ও সনদ বিতরণ

এছাড়াও সেমিনারে নোবিপ্রবির কৃতি অ্যালামনাইবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক সেশনে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।