
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আল্লাহ তায়ালা পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যে বিশুদ্ধ সুপেয় পানিও একটি বড় নিয়ামত। মহান আল্লাহ মাটির তলদেশে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছেন। আমরা ব্যক্তি কেন্দ্রিক কোনো উদ্যোগ গ্রহণ করিনি; বরং স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ, বাজারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছি।’
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাউফলের বগা হোগলা ব্রিজ এলাকায় উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য বলেন, ‘বাউফলে প্রায় পাঁচ লাখ পরিবারের প্রত্যেকের জন্য ব্যক্তিগত ও পারিবারিকভাবে টিউবওয়েলের ব্যবস্থা করা বাস্তবসম্মত নয়। এত বিপুলসংখ্যক টিউবওয়েল সরবরাহ করা সরকার কিংবা আমাদের একার পক্ষে সম্ভব নয়। তবে কয়েকটি পরিবার সম্মিলিতভাবে প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করলে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘বাউফলের জন্য সাড়ে তিন হাজার টিউবওয়েল বরাদ্দের দাবিতে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, বর্তমান রাষ্ট্রপতির কাছে ডিও লেটার দেয়া হয়েছিল। তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে জানিয়েছেন, একসাথে এতগুলো টিউবওয়েল দেয়া সম্ভব না হলেও চাহিদা ও সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ দেয়ার চেষ্টা করা হবে।’
উন্নয়ন প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একসাথে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। জনগণ আমাদের পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। তবে দায়িত্ব পালনের আট মাসে দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে প্রবেশ করেনি, ভবিষ্যতেও করবে না—এ ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও নিয়োগের বিষয়েও আমরা সজাগ রয়েছি।’
বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যে বগা সেতুর কাজ শুরু হয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এটি ছিল বাউফলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা এ বিষয়ে চেষ্টা করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি বাউফলবাসীর দীর্ঘদিনের এ সমস্যাকে গুরুত্ব দিয়ে সেতুর কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন। পর্যায়ক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলের উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নেয়া হবে, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ৬০টিরও বেশি টিউবওয়েল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মমতাজের মুজাহিদ, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো: শহিদুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মো: মাহমুদ, কালুসিড়ি ইউনিয়ন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো: আজহার উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








