
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু, স্টেশন মাস্টার নিয়োগ, রেলপথ সংস্কার ও নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচির কারণে উভয়দিকে রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার সাধারণ যাত্রী সীমাহীন ভোগান্তির শিকার হন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আনসারবাড়ীয়া রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
আনসারবাড়ীয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো— ঐতিহ্যবাহী আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করে একজন স্টেশন মাস্টার নিয়োগ দিতে হবে, দীর্ঘদিনের অবহেলিত রেলপথের সংস্কার ও আধুনিকায়ন করতে হবে এবং এই রুটে নিয়মিত রেলসেবা চালুর জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, আনসারবাড়ীয়া রেলস্টেশন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের সাথে জড়িয়ে আছে। এক সময় এই স্টেশনকে কেন্দ্র করে এলাকার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু প্রয়োজনীয় জনবল, অবকাঠামোগত উন্নয়ন ও নিয়মিত ট্রেন চলাচলের অভাবে স্টেশনটি কার্যত তার স্বাভাবিক কার্যক্রম হারিয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
তারা আরো বলেন, একটি ঐতিহ্যবাহী রেলস্টেশন এভাবে অবহেলিত থাকতে পারে না। জনস্বার্থে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু, রেলপথ সংস্কার এবং নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা হারুন অর-রশিদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে আনসারবাড়ীয়া স্টেশনটি চালুর দাবি জানান।
উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় আনসারবাড়ীয়া রেলস্টেশন সচল ও উন্নয়নের দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন, মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। তবে দীর্ঘদিনেও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন করে আবারো আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে আনসারবাড়ীয়া রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালু করবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের রেলসেবার দাবি বাস্তবায়ন করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








