কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে কবিরহাট থানার সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। নয়া দিগন্ত

‎​নোয়াখালীর কবিরহাটে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শাদাত হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অভিযুক্ত পক্ষের সংবাদ সম্মেলনে সাংবাদিকের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় তুলে অপপ্রচার চালানোর নিন্দা জানানো হয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে কবিরহাট থানার সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। 

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
‎
‎​মানববন্ধনে বক্তারা সাংবাদিক শাদাত হোসেনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্কুল শিক্ষকসহ সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎​বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা ও হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে হুমকির মুখে ফেলে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার কালামুন্সি বাজারে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত আবুল কাশেম ওরফে পারভেজ, রফিক উল্যাহ, সাগর, জাহাঙ্গীর ও সোলাইমানের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

‎​অভিযোগে বলা হয়, হামলার সময় পারভেজ ও রফিক উল্যাহ কাঠের বাটাম ও লাঠি দিয়ে সাংবাদিক শাদাত হোসেনকে পিটিয়ে আহত করেন। অন্য অভিযুক্তরাও মারধরে অংশ নেন এবং প্রাণনাশের হুমকি দেন। 
‎​
‎​অভিযুক্ত স্কুল শিক্ষক আবুল কাশেম ওরফে পারভেজ শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি আজ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় তুলে এনে অপপ্রচার চালিয়েছেন বলে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন।

‎​কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মসজিদসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।