সুইডেন আসলাম, টিটন হত্যা মামলা, সুইডেন আসলাম গ্রেপ্তার, নিউমার্কেট হত্যা, খন্দকার নাঈম আহমেদ টিটন, ডিবি পুলিশ, শীর্ষ সন্ত্রাসী, সুইডেন আসলামের রিমান্ড
শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম ও খন্দকার নাঈম আহমেদ টিটন। সংগৃহীত
ads

বিদেশে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে এবার নিউমার্কেটের টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো: আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ডিবির মিডিয়া বিভাগ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মো: আকতার হোসেন জানান, ‘সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে হস্তান্তর করে রিমান্ডের আবেদন করা হবে।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি জানান, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার সাথে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা তদন্তে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

চার দিন আগে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসার পর আবার থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিসি মিডিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশ আসলামকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে। তিনি কোথায় যাওয়ার চেষ্টা করেছিলেন কিংবা কোথা থেকে এসেছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছেই তথ্য রয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

আসলামের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আকতার হোসেন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। সেগুলোর কোনোটি তদন্তাধীন, আবার কোনো কোনো মামলায় ইতোমধ্যে পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। গ্রেফতারের পর ডিবি বিষয়গুলো পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এক মাস ধরে নজরদারিতে ছিলেন
বাকি শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে রাখা হয়েছে কি না, জানতে চাইলে আকতার হোসেন বলেন, ডিএমপি চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেফতারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন সুইডেন আসলাম। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিল তার নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে।