পদত্যাগ
এইচএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ শিক্ষার্থী পাস না করায় নওগাঁর সাপাহারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পাসের হার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানে নানা অনিয়মের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ‘ভিওইল স্কুল অ্যান্ড কলেজ’-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। ক্লাস চলার সময়ে অনেক শিক্ষক কলেজের বাইরে আড্ডা দেন এবং অনেকে সময়মতো উপস্থিত হন না। শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও এসব অনিয়মের কারণেই শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আসছে না।

তারা আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় অবিলম্বে পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। অনিয়ম ও চরম ব্যর্থতার দায় নিয়ে অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

অভিযোগের বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, চলতি বছর তাদের কলেজের জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে মোট ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে মাত্র ১৫ জন। পরীক্ষার্থীদের অধিকাংশই কর্মজীবী হওয়ায় নিয়মিত পড়াশোনা করতে পারেনি, ফলে কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। তবে ভবিষ্যতে ভালো ফলাফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।