বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নয়া দিগন্ত
ads

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যেমন কুকুর তেমন মুগুর। ফ্যাসিস্ট অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে।’

তিনি বলেন, ‘পরিকল্পিত নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারের উদারতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট অনুসারীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।’

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা দেশের ইতিহাসে জঘন্য অধ্যায়। শেখ হাসিনার দেশে ফেরার কথিত প্রচারকে কেন্দ্র করে সহিংসতা ও তাণ্ডব ফ্যাসিস্টদের নির্মমতার আরেকটি উদাহরণ। এ ধরনের অপরাধের মাধ্যমে তারা দেশ ও জাতির প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলে প্রমাণ করেছে। এই অপশক্তির বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে উঠে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে।’

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশি নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও বিএনপি রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। অথচ আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, রয়েছে শুধু সন্ত্রাস।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন বিকেল ৩টায় নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে প্রবাসীকল্যাণ মন্ত্রী নেতৃত্ব দেবেন বলে জানানো হয়। মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে আজ রোববার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছল।

এছাড়া সভায় জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।