ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ী গুলিবিদ্ধ
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরী। ছবি সংগৃহীত
ads

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ প্রতিষ্ঠানে নুরুল আবছার চৌধুরী (৪০) নামে এক ফার্নিচার ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত ভুক্তভোগী ব্যবসায়ীর দোকানের সামনে এসে থামে। এসময় হামলাকারীদের দেখে ভুক্তভোগী ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ধাওয়া করে চার রাউন্ড গুলি ছোড়ে। 

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমোহনী বাজারে এ ঘটনা ঘটে। 

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তেমোহনী বাজারে আসে। এ সময় দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পেছনে ছুটতে ছুটতে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রাশেদুল ইসলাম বলেন, ‘তার হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

​ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ‘আবছার নামের এক যুবকের দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে সটকে পড়ে। ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।’