
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, ওয়াকিটকি সেট ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল বিশেষ অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, ২৮৮ পিস বিভিন্ন ধরনের শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








