অনলাইন জুয়া
লালপুরে অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫। নয়া দিগন্ত

নাটোরের লালপুরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং চারজন অপ্রাপ্তবয়স্ক কিশোর রয়েছে।

Advertisement

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে উপজেলার তিলকপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলেন তিলকপুর গ্রামের মো: ফজলে রাব্বী (২৫)। আইনগত সুরক্ষার স্বার্থে অভিযুক্ত চার শিশুর (বয়স ১৬ ও ১৭ বছর) নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, লালপুর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তিলকপুর গ্রামের মো: আমজাদ হোসেনের (৩০) একতলা ভবনের পেছনে অভিযান পরিচালনা করে। সেখানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বেটিং ও জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অনলাইন জুয়া ও বেটিংয়ের মাধ্যমে তরুণ ও কিশোর সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।