হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ফাইল ছবি

সিলেটে হামে মৃত্যুহীন একটি দিন কাটলেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো মৃত্যু না হলেও হাম শনাক্ত হয়েছে পাঁচজনের। এছাড়া হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৪১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯২ জন।

Advertisement

সোমবার (২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৬৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু’জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে নিশ্চিত হাম ও উপসর্গে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন ভর্তি হয়েছিল ১২৬ জন।