
ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে উদ্ধার করা পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, রাস পূর্ণিমা উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে পুণ্যার্থীবাহী একটি বোট ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে। পরদিন রোববার রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয়।
এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়ার কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব চলছে। এ উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে এবং নিরাপত্তার স্বার্থে নির্ধারিত পথ ও নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









