
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সচেতন করতে এ সভা আয়োজন করা হয়। বিজিবির ৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালানের মতো অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহারীয়ার, বিজিবির সহকারী পরিচালক রাজ মাহমুদ ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণের পক্ষে সভায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো: হাবিবুর রহমান বুলেট, মো: মশিউর রহমান ও মো: নাহারুল ইসলাম মাস্টার, সাবেক পৌর কাউন্সিলর মো: শরিফ উদ্দিন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য চঞ্চল মেম্বার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন বক্তব্য দেন।
সভায় দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









