
নাটোরের সিংড়ায় লাড়কিবাড়ী বিলে কীটনাশক বা বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ওই বিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য। বিলের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
সোমবার (২ নভেম্বর) সকালে মরে ভেসে থাকা মাছ দেখে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসীর ধারণা, রোবাবর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিলে এ বিষ প্রয়োগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে উপজেলার কতুয়াবাড়ি ও লাড়কিবাড়ী বিলে সামাজিকভাবে মাছ চাষ করে আসছেন স্থানীয় লোকজন। সম্প্রতি ওই বিলে কতুয়াবাড়ি ও পারসাঐল গ্রামের আসাদুজ্জামান বাবু, আব্দুল কাইয়ুম, বিপ্লবুর রহমান সবুজসহ ৫০ ব্যক্তি প্রায় ৩০ লাখ টাকার রুই জাতীয় মাছ ছাড়েন।
পরে, স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও রানা আহমেদের সাথে বিলের দখল নিয়ে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়। এ বিষয়ে স্থানীয়রা মীমাংসার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আসাদুজ্জামান বাবু ও আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে সামাজিকভাবে এ বিলে মাছ চাষাবাদ হয়ে আসছে। সম্প্রতি, সমাজের বাইরে গিয়ে দুই-একজন ব্যক্তি এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।’
আরেক মৎস্যচাষি বিপ্লবুর রহমান সবুজ বলেন, ‘বিষ দিয়ে মাছ নিধনে তাদের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে রাতের আঁধারে কে বা কারা এ বিষ প্রয়োগ করেছে, তা আমাদের জানা নেই।’
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বিষ দিয়ে মাছ নিধনের ফলে ওই বিলের দেশীয় প্রজাতির মাছসহ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








