সড়ক দুর্ঘটনায় পান শ্রমিক নিহত
সড়ক দুর্ঘটনায় পান শ্রমিক নিহত। সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটে (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মরহুম সোলেমানের ছেলে। গুরুতর আহত আনোয়ার হোসেন একই এলাকায় মোন্তাজ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে আসেন তিন শ্রমিক। এ সময় সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে জামালহাট এলাকায় একটি অটোভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পান শ্রমিক এনামুল হক ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া এ ঘটনায় অটোভ্যানচালকসহ দু’জন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপর আহত ভ্যানচালক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হন। নিহত পান শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।