ভারত, সফর, নেপাল, প্রধানমন্ত্রী বালেন শাহ,
নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সংগৃহীত
ads

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ রোববার সন্ধ্যায় ভারত পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এনডিটিভি রোববার (২২ নভেম্বর) আরো জানায়, ২০২৬ সালের মার্চে দায়িত্ব নেয়ার পর এটিই বালেন শাহের প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী হিসেবে বিদেশেও এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটিতে গেছেন তিনি। সফরটি সোমবার শেষ হওয়ার কথা। অর্থাৎ, এক দিনের কিছু বেশি সময় ভারতে থাকবেন নেপালের প্রধানমন্ত্রী।

সোমবার মোদির সাথে বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করবেন বালেন শাহ। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতা মতবিনিময় করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, স্টার্টআপ, প্রযুক্তি, উদ্ভাবন ও খেলাধুলার মতো নতুন নতুন ক্ষেত্রেও সহযোগিতার বিষয়টি আলোচনায় আসবে।

সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন বালেন শাহ। এছাড়া দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
বালেন শাহের সাথে সফরে রয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকারসহ দেশটির সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।